ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি ২১টি দফা সম্বলিত এই পরিকল্পনা তুলে ধরেন। গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।


বুধবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এই তথ্য নিশ্চিত করেন। তিনি সিএনএনকে বলেন, আরব নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং গাজা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের ২১ দফা পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে তাদের সামনে উপস্থাপন করা হয়েছে। উইটকফ বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় সহিংসতা বন্ধের পাশাপাশি ইসরায়েল এবং তার প্রতিবেশী দেশগুলোর উদ্বেগও দূর হবে।


তিনি আরও বলেন, “আমরা আশাবাদী এবং আমি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী যে, আগামী কয়েক দিনের মধ্যেই এই উদ্যোগের বাস্তব অগ্রগতি আমরা দেখতে পাব।”


ট্রাম্পের পরিকল্পনার কয়েকটি গুরুত্বপূর্ণ দফা ইতোমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে—গাজায় বন্দি সব জিম্মিকে দ্রুত মুক্তি দেওয়া, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা, হামাস এবং তাদের প্রভাব গাজার প্রশাসন থেকে অপসারণ এবং পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার।


সিএনএন জানিয়েছে, বৈঠকে অংশ নেওয়া কয়েকজন মার্কিন ও মধ্যপ্রাচ্যের কূটনীতিক বলেন, আরব নেতারা এই পরিকল্পনায় সম্মতি প্রকাশ করেছেন। তবে তারা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। যেমন—পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় যুদ্ধ অবসান এবং সেখানে আটক সব ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা, পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বাধা না দেওয়া।


বৈঠকে অংশ নেওয়া এক কূটনীতিক সিএনএনকে জানান, “এটি ছিল একটি অসাধারণ এবং অত্যন্ত কার্যকর বৈঠক।”


প্রসঙ্গত, এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এমন এক সময়, যখন জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে সেই সম্মেলনের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসেন এবং যুদ্ধবিরতির এই নতুন পরিকল্পনা তুলে ধরেন।


সূত্র: সিএনএন