গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা ও মুসলিম গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল।
\r\nমঙ্গলবার (৮ মার্চ) দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে মহানগরের বিভিন্ন কলেজ, ওয়ার্ড ও থানা শাখার ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
\r\nমিছিলকারীরা মুখে ও মাথায় কালো কাপড় বেঁধে এবং হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতীকী চিত্র তুলে ধরেন। পথচারী ও স্থানীয়রাও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
\r\nগাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান প্রমুখ।
\r\nসমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী, শিশু ও নিরীহ মানুষ হত্যা করছে—যা কোনো মুসলিম দেশের কাছে মেনে নেওয়ার মতো নয়। তারা বলেন, “সারা বিশ্বের নিপীড়িত মানুষের কান্না ভারী হয়ে উঠেছে, আর জালিমদের দমন পীড়ন বেড়েই চলেছে।” বক্তারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির মাধ্যমে বিশ্ব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
\r\nতারা আরও বলেন, ইসরায়েলি পণ্য বর্জন এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।





