গাজা যুদ্ধ পরিস্থিতি কভার করার সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের অভিজ্ঞ সাংবাদিক হুসাম আল-মাসরি। স্থানীয় সময় সোমবার তিনি গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচার করছিলেন, ঠিক সেই মুহূর্তেই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান তিনি।

৪৯ বছর বয়সী হুসাম আল-মাসরি ছিলেন একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান। দীর্ঘদিন ধরে তিনি যুদ্ধবিধ্বস্ত গাজায় সাধারণ মানুষের দুর্দশার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন।  তিনি নিজেও একটি অস্থায়ী তাঁবুতে পরিবারসহ বসবাস করছিলেন এবং প্রতিনিয়ত খাবার ও নিরাপত্তার জন্য সংগ্রাম করছিলেন।

রয়টার্স জানিয়েছে, দুর্ভাগ্যজনক এ ঘটনার সময় মাসরি তার ক্যামেরা ও সম্প্রচার সরঞ্জাম ব্যবহার করছিলেন, যা পরে ঘটনাস্থলে উদ্ধার করা হয়। নিহত সাংবাদিকের ভাই এজেলদিন আল-মাসরি তার ব্যবহৃত ক্যামেরা হাতে নিয়ে বলেন, “সে শুধু তার দায়িত্ব পালন করছিল।”


সহকর্মীরা জানিয়েছেন, হুসাম আল-মাসরি ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মাঝেও সাহসিকতা ও পেশাদারিত্বের অনন্য উদাহরণ ছিলেন। তার ইতিবাচক মনোভাব এবং নিষ্ঠার কারণে তিনি গাজার সংবাদকর্মীদের মধ্যে বিশেষভাবে সম্মানিত ও প্রিয় ছিলেন।

এই ঘটনার পর আন্তর্জাতিক সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। রয়টার্স ও মানবাধিকার সংস্থাগুলো দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

সূত্র: রয়টার্স