গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় আরও ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২১ জন। বৃহস্পতিবার (১৯ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

\r\n

গাজার সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানান, নেতজারিম করিডরে প্রতিদিন হাজারো মানুষ ত্রাণের আশায় জড়ো হন। গতকালও সেখানে মানুষের ভিড় ছিল। এ সময় ইসরায়েলি সেনারা সরাসরি গুলি চালালে ১৫ জন নিহত ও আরও অন্তত ৬০ জন আহত হন।

\r\n

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রত্যাশা করছে এবং তা হাতে পাওয়ার পর মন্তব্য করবে।

\r\n

প্রত্যক্ষদর্শী বাসাম আবু-শার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে রাতভর হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন। স্থানীয় সময় রাত ১টার দিকে ইসরায়েলি বাহিনী হঠাৎ গুলিবর্ষণ শুরু করে এবং পরে সাঁজোয়া যান, বিমান ও ড্রোন দিয়েও হামলা চালায়।

\r\n

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৫৫ হাজার ৭০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩০ হাজার ১০১ জন আহত হয়েছেন।

\r\n

সাম্প্রতিক এই হামলা আরও একবার মানবিক সংকটকে গভীরতর করলো বলে উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।