গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে মরক্কোর রাজধানী রাবাতে গতকাল রোববার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

\r\n

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। এ দিনটি ছিল মরক্কোয় বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদী সমাবেশগুলোর একটি। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন এবং হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন।

\r\n

এছাড়াও বিক্ষোভকারীরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত পোস্টার বহন করে ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা পুনর্গঠন ও স্থানান্তর পরিকল্পনা’র বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানবাধিকার সংগঠনগুলো এই পরিকল্পনাকে ‘জাতিগত নির্মূলের’ প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

\r\n

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ ইতিমধ্যেই প্রাণ কেড়েছে ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনির এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজারের বেশি। শুধু গত মাসেই ইসরায়েলের বিমান ও স্থল হামলায় নিহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি।

\r\n

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে এ রকম আরও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব আন্দোলন থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে।

\r\n

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের ওপর দমন–পীড়নেরও নিন্দা জানিয়েছেন।