ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে ‘সুখবর’ রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
তবে গাজা সংক্রান্ত এই ‘সুখবর’-এর বিস্তারিত কিছু খোলাসা করেননি ট্রাম্প।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “গাজা নিয়ে আমাদের কিছু ভালো খবর আছে এবং আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চপর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন।”
এই মন্তব্য এমন সময় এলো, যখন ট্রাম্প হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও বৈঠকটি আনুষ্ঠানিকভাবে প্রেসের জন্য ‘ক্লোজড’ ছিল, অতীতে এমন বৈঠকে প্রেসকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে।
আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা পরিস্থিতি নিয়ে কাতারের রাজধানী দোহায় ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় ‘নাটকীয় অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো। আলোচনার মূল লক্ষ্য হলো যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানো।
ইসরাইলের চ্যানেল ১৩ জানায়, চুক্তির পথে এখন আর কোনো বড় বাধা নেই। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ইসরাইলি কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহারে ‘অতিরিক্ত নমনীয়তা’ প্রদর্শনের অনুমোদন দিয়েছেন, যা চুক্তির পথ সুগম করেছে।
গত ৬ জুলাই শুরু হওয়া এই আলোচনা কাতারের মধ্যস্থতায় চলছে এবং চুক্তি হলে তা গাজা উপত্যকার যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে বড় ধরনের মোড় আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।





