গাইবান্ধা জেলা প্রতিনিধি:ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম বাংলা ভিউজ-এর উদ্যোগে গাইবান্ধায় দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) সকাল ১০টায় গাইবান্ধা আদর্শ শিক্ষালয়ে শুরু হওয়া কর্মশালাটি সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়

জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, প্রযোজ্য আইন, ডিজিটাল দক্ষতা, মোবাইল সাংবাদিকতা ও টেলিভিশন রিপোর্টিংসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উদ্বোধনী অধিবেশনে বিশিষ্ট সাংবাদিক মাওলানা মোঃ জোবায়ের আলী সাংবাদিকতার আদর্শ, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি গণমাধ্যমের জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। “সাংবাদিকতার নৈতিকতা ও আইন” বিষয়ে বক্তব্য দেন গণমাধ্যম ও আইটি বিশেষজ্ঞ এবং দৈনিক জনকণ্ঠের রিপোর্টার মোঃ মিজান।এছাড়া “নিউজ এন্ড ভিউজ” শীর্ষক সেশনে নাগরিক টিভি ও জাগো নিউজ২৪.কম-এর রিপোর্টার মোঃ আনোয়ার শামীম সংবাদ ও মতামতের পার্থক্য, নিরপেক্ষ উপস্থাপনা এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

টেলিভিশন সাংবাদিকতার কৌশল বিষয়ে বক্তব্য দেন যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান। ডিজিটাল ও মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল। তিনি দ্রুত কনটেন্ট তৈরি, লাইভ সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কার্যকর কৌশল তুলে ধরেন।

সংবাদ সংগ্রহ, লিখন কৌশল, সাক্ষাৎকার গ্রহণ ও রিপোর্টিং বিষয়ে আলোচনা করেন নয়া দিগন্তের জেলা রিপোর্টার সৈয়দ রোকনুজ্জামান।কর্মশালায় গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম উপস্থিত ছিলেন। পরে ইফতার ও দোয়ার মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।