গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশবাড়ী পৌরসভার সাবেক আমীর ইঞ্জিনিয়ার মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ভোরবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর আকস্মিক উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, একই ঘটনায় এর আগে ডিবি পুলিশের একটি দল দিনাজপুরের ঘোড়াঘাট এলাকা থেকে তার বাবাকেও আটক করে। পরে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের ছোট ভাই মাহফুজ আহমেদ।
পরিবারের দাবি, গত ২৫ মার্চ রাতে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে মারধরের অভিযোগ ঘিরে এলাকায় একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বক্তব্য দেন। পরিবারের অভিযোগ, সেই বক্তব্যের জের ধরেই পরদিন ভোরে ডিবি পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরিবারের সদস্যরা আরও জানান, কোনো পূর্ব নোটিশ বা লিখিত তথ্য ছাড়াই তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
এদিকে, গ্রেফতারের বিষয়ে ডিবি পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।





