ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন সংবাদমাধ্যম ধারাবাহিকভাবে ফলাফল প্রকাশ করলেও সামাজিক মাধ্যমে একটি বিভ্রান্তিকর ঘটনা ভাইরাল হয়েছে। বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের নামে কিছু ফেসবুক পেজ নির্বাচনের রাতে ও ভোরে দুটি ফটোকার্ড ছড়িয়ে দিয়ে দাবি করেছিল, “মাত্র তিন ঘণ্টায় ফল উল্টে গেছে।”
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল কার্ডগুলো মূল বাংলাভিশনের ফটোকার্ড প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে। পরে এগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুক বিশ্লেষণে দেখা গেছে, ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা ৩৬ মিনিটে আপলোড করা মূল কার্ডে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৪টি আসনে এগিয়ে বা বিজয়ী দেখানো হয়েছিল। রাত ৩টা ৫৩ মিনিটের কার্ডে বিএনপি ১৮৮টি, জামায়াত ৪৭টি, এনসিপি ৪টি এবং অন্যান্য দল ৭টি আসনে এগিয়ে বা বিজয়ী ছিল।
তবে ভাইরাল কার্ডে একই সময়ে বিএনপি ৭৭টি এবং জামায়াত ৮৪টি আসনে দেখানো হয়েছিল, যা মূল তথ্যের সঙ্গে মিলছে না। এছাড়া ফন্ট, ডিজাইন এবং লেআউটেও অসঙ্গতি রয়েছে। বাংলাভিশনের ভেরিফায়েড পেজে কোনো এডিট ইতিহাস পাওয়া যায়নি, অর্থাৎ মূল কার্ড পরবর্তীতে পরিবর্তন করা হয়নি।
ধারাবাহিক আপডেট পর্যবেক্ষণে দেখা গেছে, আসনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায়নি। প্রকাশ সময়ের ১–৩ মিনিট ব্যবধানও সাধারণ সম্পাদনা ও আপলোড প্রক্রিয়ার অংশ।
পরবর্তীতে বিকাল ৩টা ১ মিনিটে বাংলাভিশন তাদের ভেরিফায়েড পেজে জানিয়েছে, “বাংলাভিশনের লোগো ব্যবহার করে প্রচারিত ফটোকার্ড এবং দাবিটি ভুয়া। সঠিক সংবাদ পেতে আমাদের ভেরিফায়েড পেজের সঙ্গে থাকুন।”
সুতরাং, গভীর রাতে ফল উল্টে যাওয়ার যে দাবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।





