গত রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৭১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে জানানো হয়, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

\r\n

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, ১৬ জন মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন এবং মানসিক চাপে ভোগার কারণে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হালকা আহত হয়েছেন এবং অনেকের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

\r\n

দক্ষিণ ইসরায়েলের সরোকা হাসপাতালে সবচেয়ে বেশি, ৭১ জন আহত রোগী ভর্তি হয়েছেন। ওই হাসপাতালের আশপাশে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে ইরান দাবি করেছে, তারা হাসপাতালে নয়, নিকটবর্তী একটি ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

\r\n

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইরানে ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ২,৩০০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যদিও তাঁদের মধ্যে বেশিরভাগই ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।