নিজেদের দেশে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার এবং প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে ইসরাইল। দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কারাহির সই করা এক আদেশে রোববার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
একই সঙ্গে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ইউটিউবকে ইসরাইলের অভ্যন্তরে আল-জাজিরাকে নেটওয়ার্ক সেবা দিতে নিষেধ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলি মন্ত্রিসভা দেশটিতে আল-জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয়। তার কয়েক সপ্তাহ আগেই ইসরাইলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাস হয়, যেখানে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে বিবেচিত বিদেশি সম্প্রচারমাধ্যমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের অনুমতি দেওয়া হয়।
ওই বছরের সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আল-জাজিরার কার্যালয়ে তল্লাশি চালায় ইসরাইলি বাহিনী। এ সময় বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র জব্দ করা হয় এবং কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়।
গত বছরের ডিসেম্বরে ইসরাইলের পার্লামেন্ট ২০২৪ সালে পাস করা ওই আইনের মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়, যা ‘আল-জাজিরা আইন’ নামে পরিচিত।
জেরুজালেম ও রামাল্লাহতে আল-জাজিরা আরবির ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারি বলেন, ইসরাইলের যোগাযোগ মন্ত্রণালয় আগেই জানিয়েছে যে আল-জাজিরা আরবির সম্প্রচারকে ইসরাইলি নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনী ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে দেখছে।
উল্লেখ্য, কয়েক বছর ধরেই আল-জাজিরাকে লক্ষ্যবস্তু করে আসছে ইসরাইল। ২০১৭ সালে জেরুজালেমে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধের হুমকি দেওয়া হয়। পরে ২০২১ সালে গাজায় ইসরাইলি হামলায় আল-জাজিরার কার্যালয় ভবন ধ্বংস করে দেওয়া হয়।





