গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণভোটে ভোট দেওয়া জনগণের দায়িত্ব। জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলে গণভোট পাস হবে, আর ‘না’ ভোট দিলে তা বাতিল হবে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের সব ইতিবাচক অর্জনের পেছনেই বিএনপির ভূমিকা রয়েছে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ বিএনপির হাত ধরেই হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় করা হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে বিএনপি জানে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। তারা ভয় পায় না।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





