নির্বাচন কমিশন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটের ফলাফল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে।


গেজেটে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণ তাঁদের মত প্রদান করেছেন। ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন (৬৮.৫৯%), এবং ‘না’ ভোট হয়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন (৩১.৪১%)। গণভোটে ভোটহার ৬০.২৬ শতাংশ ছিল।


এ ছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বলা হয়েছে, ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের গেজেট অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯টি আসনে জয়ী হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সংসদ নির্বাচনে ভোটহার ছিল ৫৯.৪৪ শতাংশ


গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে, যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ধারা অনুযায়ী করা হয়েছে।