হাইকোর্ট গণভোট অধ্যাদেশ ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


এর আগে ২৫ ফেব্রুয়ারি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানির জন্য ১ মার্চ তারিখ নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ ওই তারিখ নির্ধারণ করেন।


সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ১৮ ফেব্রুয়ারি সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করেন। রিটে বলা হয়, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এর অধীনে গণভোট আয়োজন অসাংবিধানিক ও অবৈধ। রিটে সংবিধানের ৬৫, ১২৩ (৩) ও (৪), ৩১ অনুচ্ছেদ এবং আরপিওর ১১ অনুচ্ছেদের সঙ্গে সনদের বিরোধের বিষয়টি উল্লেখ করা হয়।


রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দোলোয়ার হোসেন খান।


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর করে, যা রাজনৈতিক ঐকমত্যের একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।