ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবু বাকের মজুমদার গণতান্ত্রিক চর্চার স্বার্থে নিজের পরাজয় মেনে নিয়েছেন।
নির্বাচনের পরদিন বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, নির্বাচনে ব্যর্থ হলেও কোনো আপত্তি নেই। বাকের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২ হাজার ১৩১ ভোট পেয়েছেন। জয়ী হয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট পাওয়া ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এসএম ফরহাদ। ভোটের দিক দিয়ে বাকের ছিলেন চতুর্থ।
বাকের তার ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, “গতকাল উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। তারপরও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।”
তিনি আরও যোগ করেন, “এই বিশ্ববিদ্যালয়ে প্রতিবার পা ফেলতে গিয়ে আমি শিখেছি। কঠিন সময়েও শিক্ষার্থীদের জন্য সবকিছু বাজি ধরেছি। আমার ছাত্রজীবনের স্বপ্ন ছিলো শেখ হাসিনার পতন, সেটি সফল হয়েছে। যতদিন এ ক্যাম্পাসে থাকবো, ততদিন আপনাদের সাথেই থাকবো।”





