উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। এতে তিস্তাপাড়ের মানুষজনের মধ্যে বন্যা ও নদীভাঙনের শঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করে আজ সকাল ৬টায় বিপৎসীমা অতিক্রম করে আবার সকাল ৯টায় নিচে নামে তিস্তার পানি। এতে তিস্তার চরাঞ্চলের নিম্নাঞ্চলের বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানগুলো তলিয়ে গেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তিস্তা ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম বলেন, উজানের ঢল ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় পানি বিপৎসীমার ০৩ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।





