রাজধানীর খিলগাঁওয়ে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শাহরুজ ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।


শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


নিহত শাহরুজ ইসলাম বনশ্রী এলাকার ১০ নম্বর সড়কের এল ব্লকের ৩৩ নম্বর বাড়ির বাসিন্দা শামসুল হকের ছেলে।


খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানিয়েছেন, শাহরুজ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নাগদারপাড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।