রাজধানীর ধানমন্ডিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জোহরের পর ধানমন্ডি ১৫ নম্বরের মধুবাজার এলাকায় মাদরাসাতুল ফালাহ এতিমখানায় এ আয়োজন হয়। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগের সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখে অন্যায়ভাবে আচরণ করেছে। তার চিকিৎসার সুযোগ সীমিত করা হয়েছিল, যা শারীরিক অবস্থাকে আরও খারাপ করে দেয়।


অসীম বলেন, খালেদা জিয়ার পরিবার বিদেশে চিকিৎসার অনুমতি চাইলেও তা বিবেচনা করা হয়নি। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল।


তিনি জানান, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার নানা চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে। তার ভাষায়, খালেদা জিয়া এখনো দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং জনগণের আস্থার প্রতীক।


দোয়া মাহফিল শেষে ব্যারিস্টার অসীম বলেন, আল্লাহর রহমত আর জনগণের দোয়ায় তিনি আশা করেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন।