বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজনীতির সবচেয়ে কঠিন সময়েও খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে কখনো সরে দাঁড়াননি। মতভেদ থাকা স্বাভাবিক, থাকবেও। তবে তার ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তা আমাদের মতো তরুণ রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।
তিনি আরও লেখেন, আল্লাহ তায়ালা যেন খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।
উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।
এর আগে, গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ একাধিক পুরোনো জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।





