বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে শোকাহত। এই দুঃখের সময়ে তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে সংস্থাটি। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতিও সংহতি প্রকাশ করা হয়েছে।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউয়ের শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকার জন্য খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছে চীন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব দিয়ে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়েছে