আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে এবং নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক এ আদেশ দেন।
\r\nশাহরিন ইসলাম আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন ও শেখ সাকিল আহমেদ রিপন।
\r\nআইনজীবীরা জানান, ২০০৮ সালে কর ফাঁকির অভিযোগে শাহরিন ইসলামকে ৮ বছরের কারাদণ্ড ও ৯২ লাখ টাকা জরিমানা করেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ৮১ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন।
\r\nপ্রায় ১৭ বছর পলাতক থাকার পর দেশে ফিরে আজ আত্মসমর্পণ করেন তিনি। জামিন আবেদনে তিনি জানান, ১৯৯৮-৯৯ করবছর থেকে ২০০৬-০৭ করবছর পর্যন্ত তিনি আয়কর রিটার্ন জমা দিয়েছেন এবং তার সম্পদের পূর্ণ বিবরণ তাতে অন্তর্ভুক্ত ছিল। তবে তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিচারিক আদালত থেকে তিনি ন্যায়বিচার পাননি।
\r\nএ সময় আদালতে তার আইনজীবীরা স্বাস্থ্যগত অসুস্থতার কথা তুলে ধরে চিকিৎসা ও কারা ডিভিশনের আবেদন করেন।





