সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি আসনে পূর্বঘোষিত বিকল্প প্রার্থীরাই বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেবেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


\r\n

তিনি বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে আগে থেকেই মনোনীত বিকল্প প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বগুড়া-৭ আসনে মোরশেদ আলম, দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম এবং ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।


\r\n

সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল হয়েছে। যেহেতু বিকল্প প্রার্থীদের মনোনয়ন বৈধ, তাই নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো সুযোগ নেই।


\r\n

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক নেতা। জাতির স্বার্থে তাকে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।


\r\n

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে জিয়া উদ্যানে তাকে দাফন করা হয়।