সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ ও শোকাহত।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি ছিলেন আপোষহীন নেত্রী, দেশমাতৃকার সাহসী কণ্ঠ এবং গণতন্ত্রের প্রতীক। তার মৃত্যুতে যে শোক ও বেদনা অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।