সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রেসসচিব বলেন, খালেদা জিয়ার জানাজা, দাফন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

তিনি জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে। এ সময় পুরো পথজুড়ে দুই পাশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ আনা হবে এবং জানাজা ও দাফনের সব আনুষ্ঠানিকতা একই মর্যাদায় সম্পন্ন করা হবে।

শফিকুল আলম আরও বলেন, জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। সংসদ ভবন, দেশের দূতাবাসগুলো এবং বিএনপির দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে।

জানাজা ও দাফনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ উপলক্ষে ১০ হাজারের বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী কিছু এলাকায় সেনাবাহিনী মোতায়েন থাকবে।