সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে সেখানে উপস্থিত হচ্ছেন।


শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি এবং সহযোগী সংগঠনের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতারা খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে আসতে শুরু করেন।


এর আগে খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা কবর জিয়ারত করেন। এ সময় কিছুক্ষণের জন্য সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হলেও পরে তা আবার উন্মুক্ত করে দেওয়া হয়।


কবর প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।


উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশের তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজ জুমার নামাজের পর সব মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।


গত ৩১ ডিসেম্বর (বুধবার) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনকালে ছেলে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মান হিসেবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।