আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিন্টু জানান, ফেনীতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে—এ নিয়ে তার কোনো সন্দেহ নেই। তিনি বলেন, \"ফেনীর অতীত ইতিহাস সবার জানা। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি অবশ্যই জয়লাভ করবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচন করবেন। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। নির্বাচন নিয়ে ফেনীতে আমরা আত্মবিশ্বাসী।\"
নির্বাচনের সময়সূচি নিয়ে মন্তব্য করতে গিয়ে মিন্টু বলেন, \"লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছিলাম। আমরা বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় জানুয়ারির মধ্যেও নির্বাচন হতে পারে।\"
তিনি জানান, সুপ্রিম কোর্টে বর্তমানে কেয়ারটেকার সরকার সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে। যদি আদালত কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই ওই দায়িত্ব পালন করবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।
আওয়াল মিন্টু বলেন, \"সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে তারা কখনোই ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। বিগত ১৯ বছর ধরে আমরা আন্দোলন, সংগ্রাম, নিপীড়ন ও নির্যাতন সহ্য করে এসেছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচনের কথা বলছি, সেটা সঠিক নয়। আমরা ২০০৬ সাল থেকেই নির্বাচন দাবি করে আসছি।\"
তিনি আরও বলেন, \"২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না। ২০০৬ সালের পর থেকে দেশে কোনো নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নেই। দীর্ঘ সময় ধরে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় দেশের অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়নের পথ রুদ্ধ হয়েছে। একটি নির্বাচিত ও দায়বদ্ধ সরকার ছাড়া দেশ এগোতে পারে না।\"





