বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং শারীরিক অবস্থার জন্য কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
\r\nমঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গুরুতর অসুস্থতার কারণে গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে শয্যাশায়ী। কিছুদিন আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) থাকলেও শারীরিক অবস্থার হঠাৎ অবনতির কারণে গত রোববার মধ্যরাতের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়া স্পেশাল কেয়ারে রয়েছেন।
\r\nডা. জাহিদ হোসেন বলেন, “চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করছেন। তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসার তদারকি করছেন। মানুষের দোয়া ও শুভকামনার কারণে নেত্রী সুস্থ হবেন বলে আমরা আশাবাদী।”
\r\nতিনি আরও জানান, দেশের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চাওয়া হচ্ছে এবং গুজবে কান না দেয়ার অনুরোধ জানানো হয়েছে। ডা. জাহিদ হোসেন বলেন, “মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। প্রয়োজন হলে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়া বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান ও ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।”





