জাবি প্রতিনিধি: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে নারী নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন এবং দেশকে বিভিন্ন সময়ে পরিচালনা করেছেন। সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ ও সুস্থতা কামনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।


শনিবার (২৯ নভেম্বর) জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 


বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া গণতন্ত্রের এক মূর্তপ্রতীক। তিনি সুস্থাবস্থায় ভারতীয় আগ্রাসন, গুম-খুন-ক্রসফায়ার ও বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সদা প্রতিবাদী ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী সরকারের সময়ে আলেম-ওলামাদের ওপর নির্বিচার নির্যাতন ও হত্যার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার।

 রাজনীতিতে মতভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গঠনে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশের সার্বভৌমত্ব, আধিপত্যবাদবিরোধী চেতনা এবং রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকসু খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছে।