সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, \"খায়রুল হক জাতির অপূরণীয় ক্ষতি করেছেন। আজ তিনি গ্রেপ্তার হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।\"

বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “খায়রুল হক বাংলাদেশের অন্যতম শত্রু। তিনি প্রধান বিচারপতির মতো উচ্চপদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন, দেশের ভবিষ্যৎ নষ্ট করেছেন। আজ তার গ্রেপ্তার প্রমাণ করে যে, অন্যায়ের বিচার হতে শুরু করেছে।”

তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে খায়রুল হক জনগণ ও রাষ্ট্র— উভয়ের সঙ্গে প্রতারণা করেছেন।

“সংক্ষিপ্ত রায়ে যা বলা হয়েছিল, পূর্ণাঙ্গ রায়ে তার বিপরীত বক্তব্য ছিল। এটি ছিল রাজনৈতিক প্ররোচনায় প্রভাবিত ও রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত।”

ফখরুল বলেন, “তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের পর থেকেই দেশের রাজনৈতিক সংকটের সূচনা হয়েছে। এর সম্পূর্ণ দায় খায়রুল হকের।”

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমি শাস্তির ধরন নির্ধারণ করবার ব্যক্তি নই। তবে চাই যথাযথ তদন্ত হোক এবং আইন অনুযায়ী বিচার হোক। এমন শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রীয় পদ ব্যবহার করে জাতির ক্ষতি করতে সাহস না পায়।”

তিনি আরও বলেন, “বিচারব্যবস্থা জনগণের আস্থা ও আশ্রয়ের সর্বোচ্চ জায়গা। কিন্তু খায়রুল হক তার রাজনৈতিক মানসিকতার মাধ্যমে সেই আস্থা ভেঙে দিয়েছেন। এর ফলেই জনগণ বিচার ব্যবস্থার প্রতি হতাশ হয়েছে।”

বিএনপি মনে করে, সরকার দেরিতে হলেও সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।