ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হোসেনের পরিণতি স্মরণ করিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, “যদি খামেনি ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখেন, তাহলে তাকেও সাবেক ইরাকি শাসক সাদ্দামের মতো পরিণতি বরণ করতে হতে পারে।” খবর আল-জাজিরা’র।
\r\nস্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “আমি ইরানের স্বৈরশাসককে সতর্ক করছি—তিনি যেন যুদ্ধাপরাধ চালানো ও ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পথ থেকে সরে আসেন। সাদ্দাম হোসেনও একসময় ইসরায়েলের বিরুদ্ধে একই কৌশল নিয়েছিলেন, যার পরিণতি সবারই জানা।”
\r\nতিনি আরও বলেন, “আমরা তেহরানের সামরিক স্থাপনা ও শাসনব্যবস্থার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব। ইরানের সাধারণ নাগরিকদের উচিত নিরাপত্তার স্বার্থে তেহরান ছেড়ে যাওয়া।”
ইরান জানিয়েছে, গত শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে, ইসরায়েলে হামলায় ২৪ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
\r\nমধ্যপ্রাচ্যে চলমান এই নতুন সংঘাত পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য নতুন করে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





