খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নীতি দত্ত চাকমা পানছড়ি উপজেলা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন নীতি দত্ত চাকমা। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার পেটে গুলির চিহ্ন ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।


এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, মেলা কেন্দ্রিক অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।