খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকায় একটি নির্মাণাধীন দোকানঘরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় একজন দোকানঘরের ভিতরে সন্দেহজনক বস্তু দেখতে পান। তা গ্রেনেডের মতো হওয়ায় তিনি সদর থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দ্রুত গ্রেনেডটি উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কাঁদানে গ্যাসের গ্রেনেড হতে পারে। তবে এমন ধরনের গ্রেনেড খাগড়াছড়ি পুলিশের ব্যবহৃত নয়। এটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেনেডটি কোথা থেকে এসেছে তা খুঁজে বের করতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।





