বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, শাহবাগে গত কয়েক দিন ধরে 'নাটক' চলছে। তিনি প্রশ্ন তোলেন, যেখানে সভা-সমাবেশ নিষিদ্ধ, সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কীভাবে আন্দোলন চালাচ্ছে। এনসিপিকে তিনি 'সরকারি দল' বলেও আখ্যায়িত করেন।
\r\nসোমবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা-৭ আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
\r\nপ্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, \"বিগত কয়েক দিন যাবৎ শাহবাগে নাটক চলছে। যেখানে সমাবেশ নিষিদ্ধ, সেখানে সরকারপন্থী দল এনসিপি কীভাবে আন্দোলন করছে এবং কী উদ্দেশ্যে করছে?\"
\r\nতিনি বলেন, \"বিএনপিকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে। কেউ কেউ বলছেন, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমি বলতে চাই, যারা ১৫ বছর ধরে আমাদের নিপীড়ন করেছে, তাদের কেন আমরা পুনর্বাসন করব?\"
\r\nরোহিঙ্গা ইস্যু ও মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, \"বাংলাদেশ কি পরাধীন রাষ্ট্র হয়ে গেছে? আমি কেন সেন্টমার্টিন বা সাজেক যেতে পারব না? এই দেশ যুদ্ধ করে স্বাধীন করা হয়েছে, বিক্রি করার জন্য নয়।\"
\r\nতিনি আরও বলেন, \"বিশ্বের কোনো অভিধানে 'মানবিক করিডর' নামে শব্দ নেই। তাহলে সরকার নতুন শব্দ আমদানি করছে কেন? দেশের জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে—মানবিক করিডর থাকবে কি না।\"
\r\nরোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, \"একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানই মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গা ফিরিয়ে নিতে। আজও বিএনপিই পারে বিদেশি প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে।\"
\r\nসভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টু। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।





