ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ইসরায়েলিরা। সম্ভাব্য হামলার আশঙ্কায় অনেকেই আশ্রয় নিয়েছেন পাতাল রেলস্টেশন বা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে। এমন পরিস্থিতির চিত্র তুলে ধরেছে বার্তাসংস্থা রয়টার্স।
\r\nরয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা গেছে, তেল আবিবের নিকটবর্তী রামাত গানে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। কেউ ছোট শিশু কোলে, কেউ বা ব্যাগপত্র হাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।
\r\nএদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে বলা হয়েছে, ইসরায়েলের অত্যাধুনিক অ্যারো ইন্টারসেপ্টর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মজুত কমে আসছে, যা ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সমস্যা তৈরি করতে পারে।
\r\nপ্রতিবেদনে এক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, এই ঘাটতির বিষয়টি যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই জানে এবং তা মোকাবিলায় ইতোমধ্যে স্থল, সমুদ্র ও আকাশপথে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।
\r\nবিশ্লেষকরা বলছেন, দুই দেশের চলমান এই সংঘাত শুধু সামরিক নয়, সাধারণ মানুষের জীবনেও গভীর মানসিক ও মানবিক প্রভাব ফেলছে। পরিস্থিতি অবনতির দিকে গেলে তা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।





