জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় আফজাল হোসেন (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) বিকালে উপজেলার নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি নাজিরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ জমি থেকে গরুর ঘাস কেটে মহাসড়ক পার হচ্ছিলেন আফজাল হোসেন। এসময় রিলায়েবল বিল্ডার্স লিমিটেডের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে বগুড়া যাবার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকটি জব্দ এবং চালক পিয়াস হোসেনকেও আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ।





