বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ প্রদান করে স্বাবলম্বী করে তোলা হবে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেকারত্বের কারণে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় সেজন্য বেকারত্ব দূরীকরণে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় আসনের সকল শ্রেণিপেশার মানুষের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে আসছে। জামায়াত নেতারা ফাঁসির মঞ্চে গেছে তবুও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আধিপাত্যবাদের দোসর ফ্যাসিবাদের কাছে মাথানত করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী কোন পরাশক্তির কাছে মাথানত করবে না। জামায়াতের কর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরো জীবন দিবে।

এসময় তিনি ঢাকা-৮ সংসদীয় এলাকা নিয়ে নিজের ভাবনা তুলে ধরে বলেন, নতুন বাংলাদেশের মডেল হবে ঢাকা-৮ সংসদীয় এলাকা।

শাহবাগ-রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করার ঘোষণা দিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, ঢাকা-৮ সংসদীয় এলাকার জনগণ তাকে সুযোগ দিলে তিনি এই এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে রূপান্তরে কাজ করবেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসন নির্বাচন পরিচালক মো. শামছুর রহমানের সভাপতিত্বে এবং পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহজাহানপুর পূর্ব থানা আমি মুহাম্মদ শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমির মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির মো. শামছুল বারি, পূর্ব থানা আমির মো. নুর উদ্দিনসহ ঢাকা-৮ আসনের সব থানার দায়িত্বশীল নেতারা।