পাবনায় একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং জাতীয় নির্বাচনের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ বলছে, এসব অভিযানের মাধ্যমে সম্ভাব্য নাশকতার ঝুঁকি কমানো সম্ভব হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার আনোয়ার জাহিদের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পরিদর্শক (ওসি) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে ধারাবাহিক অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনূর রহমান মাঠপর্যায়ে সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার স্পর্শকাতর এলাকা পাকসিতে বিশেষ অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কা ছিল, যা সময়মতো অভিযান চালিয়ে প্রতিহত করা হয়েছে।

পুলিশের দাবি, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে জেলায় বড় ধরনের কোনো সহিংস ঘটনার তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবির এই তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছে জেলা পুলিশ।

এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি আয়োজিত এক ক্রাইম কনফারেন্সে ডিবি পরিদর্শক মো. রাশিদুল ইসলাম শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী টিমের ইনচার্জ হিসেবে সম্মাননা পান। একই অনুষ্ঠানে এসআই অসিত কুমার বসাক, এসআই মো. আবদুল লতিফ এবং এসআই বেনু রায় (পিপিএম) ক্রেস্ট গ্রহণ করেন।

ডিবি ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়; পুরো টিমের সমন্বিত প্রচেষ্টা ও পেশাদারিত্বের ফল। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।