অন্তর্বর্তী সরকারের প্রধান ‘থ্রি জিরো তত্ত্বের’ প্রবর্তক হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালনে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন’ শীর্ষক এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, শূন্য নিট কার্বন নিঃসরণ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কার্যকরভাবে কাজ করার সুযোগ সরকার কেন হারালো, সে বিষয়ে দেশবাসীর কাছে জবাবদিহি করতে হবে।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সব সিদ্ধান্তই চাপিয়ে দেওয়া হয়েছে। জ্বালানি খাতের মাস্টারপ্ল্যানের খসড়া অধ্যাদেশও অংশীজনদের অবহিত না করেই প্রণয়ন করা হয়েছে। এ কারণে খসড়া অধ্যাদেশটি পুনর্বিবেচনার দাবি জানান তিনি।





