ক্রিকেটারদের সঙ্গে আজ বসছেন বিসিবি সভাপতি, আলোচনায় থাকছে সমস্যা ও সমাধানের পথ
\r\nঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেই আজ (সোমবার) গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বসবেন তিনি। আলোচনায় উঠে আসবে ক্রিকেটারদের ভেতরের নানা অসন্তোষ, সমস্যাবলী এবং তার সমাধানের সম্ভাব্য পথ।
\r\nএরই মধ্যে বিসিবির পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে একটি ফরম বিতরণ করা হয়েছে, যেখানে তারা তাদের ব্যক্তিগত ও দলগত সমস্যাগুলো লিখিত আকারে তুলে ধরেছেন। আজকের বৈঠকে সেসব সমস্যার ভিত্তিতেই আলোচনা হবে।
\r\nসভাপতি আমিনুল ইসলাম তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা—বিশেষ করে আইসিসিতে কাজ করার সময়কার অভিজ্ঞতা—শেয়ার করবেন। তার অভিজ্ঞতার আলোকে সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হবে বলে জানা গেছে।
\r\nএই বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন শাখার সাবেক প্রধান অ্যালেক্স মার্শালও অংশ নেবেন। আকসুর (আকু) কার্যক্রম আরও জোরদার এবং কার্যকর করতে তার পরামর্শ নেওয়া হবে।
\r\nতবে নারী ক্রিকেটাররা এই বৈঠকে থাকছেন না। তারা বর্তমানে বিকেএসপিতে নারী বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।
\r\nবিসিবি সূত্র জানায়, শুধু খেলোয়াড়দের সঙ্গে বৈঠকেই নয়, অ্যালেক্স মার্শাল কয়েক দফায় আকু কর্মকর্তাদের সঙ্গে ওয়ার্কশপ করবেন। তাতে অংশ নেবেন কোচ, টিম ম্যানেজমেন্টের সদস্যরাও। দুর্নীতি দমনে সচেতনতা বৃদ্ধি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং প্রতিরোধমূলক কৌশল এসব ওয়ার্কশপের মূল বিষয় হবে।
\r\nবিসিবি আশাবাদী, এই বৈঠক ও উদ্যোগের ফলে বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, পাশাপাশি মাঠের বাইরের সমস্যাগুলোরও একটি টেকসই সমাধান পাওয়া যাবে।





