ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ছয়টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
রোববার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী ভোটকেন্দ্র ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
নির্ধারিত ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট হলগুলো হলো:
১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) : ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) : রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা।
৫. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।
রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারিও থাকবে।





