বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রশাসনে খুঁজে খুঁজে শিবিরপন্থি ও জামায়াত মতাদর্শের লোকজনকে বসানো হচ্ছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে রোববার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের পর প্রশাসনে বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে।’
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজভী বলেন, “ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আগে থেকেই আছে। এরপরও যদি শিবিরের ব্যাকগ্রাউন্ড থাকা লোকজন ক্যাডার সার্ভিসে থেকে যায় এবং তারা সক্রিয়ভাবে সেই মতাদর্শ আঁকড়ে ধরে, তাহলে রাষ্ট্র কার্যকর হবে না। প্রশাসনে পক্ষপাতদুষ্ট লোকজন বসানো হলে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “মাহফুজ আলম সাহেব বলেছেন বিএনপি-জামায়াত প্রশাসনে কামড়াকামড়ি করছে। আমি বলতে চাই, কোথায় সেই কামড়াকামড়ি? বরং দেখা যাচ্ছে, একটি ইসলামপন্থি দলের লোকজনকে খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। ছাত্রদল করা কেউ প্রশাসনে এখন টিকে নেই। সরকার চাইলে কাকে কোথায় বসাচ্ছে, কাকে সরাচ্ছে—এসবের বহু উদাহরণ রয়েছে।”
রিজভীর দাবি, অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার নীতির প্রতিফলন ঘটাচ্ছে প্রশাসন পরিচালনায়।





