বাংলাদেশের মানুষ আর কৌশলের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামেও পরিচিত। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
\r\nআওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রেক্ষাপটে তিনি বলেন, “আওয়ামী লীগের তো এই দেশে মৌলিকভাবে রাজনীতি করার কোনো যুক্তিই নেই। যখন তাদের নিষিদ্ধের দাবি উঠেছিল, তখন আমরাই সবার আগে রাজপথে নেমে খুনিদের বিচারের দাবি জানিয়েছি। কিন্তু এখন যেসব দল বা গোষ্ঠী কৌশলের আশ্রয় নিচ্ছে, তাদের এই রাজনীতি আমি ঘৃণা করি।”
\r\nতিনি আরও বলেন, “হাজারো মায়ের কোল খালি হয়ে গেছে। খুনিদের বিচারে যারা কালক্ষেপণ করছে, তাদের কৌশল দেশের মানুষ সহ্য করবে না। জনগণ এখন স্পষ্ট নীতির রাজনীতি চায়, ধোঁয়াশার নয়।”
\r\nচরমোনাই পীর বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—সব দলই ক্ষমতায় থেকে তাদের চরিত্র প্রকাশ করেছে। এদের কাছ থেকে নতুন কিছু পাওয়ার নেই। এখন একমাত্র ইসলামই পারে এই দেশ ও জাতিকে শান্তি দিতে, আখিরাতে মুক্তি দিতে।”
\r\nরাজশাহী জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দলের পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং দায়ীদের সব নির্বাচনে অযোগ্য ঘোষণা,ইসলাম ও ধর্মবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল,প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন,ভারতের ওয়াক্ফ আইন সংস্কারের নামে মুসলিম নিধন চক্রান্তের প্রতিবাদ, ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ ও বাংলাদেশকে ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্রে রূপান্তর।
\r\nসমাবেশে আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ নুরুন নাবী, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা আবদুর রহমান দিদারী, সুলতান মাহমুদ, হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী প্রমুখ। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সভাপতি মাওলানা হোসাইন আহমদ।





