ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এ ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


\r\n

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে রাকিব জানান, সকালে একবার আইডি ডিজেবল হওয়ার পর সেটি সাময়িকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হলেও, কিছুক্ষণ পর তা আবার নিষ্ক্রিয় করে দেওয়া হয়।


\r\n

রাকিব তার পোস্টে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনাদের পাশে থাকলে কোনো ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না ইনশাআল্লাহ।”


\r\n

তিনি আরও বলেন, “বাংলাদেশের পক্ষে থাকা ছাত্রদল প্যানেলই পারে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে নেতৃত্ব দিতে। চলুন, সবাই মিলে একটি সুন্দর, সার্বভৌম বাংলাদেশ গঠনের শপথ নিয়ে সেই লক্ষ্যে এগিয়ে যাই।”


\r\n

এদিকে ছাত্রদলের একজন সদস্য মন্তব্য করেন, “বাংলাদেশবিরোধীরা কখনোই বিজয়ী হতে পারে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।”