অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যক্তি বা দলের কথায় জাতীয় নির্বাচন বন্ধ হবে না। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে।
বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করতে অর্থ মন্ত্রণালয় থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কেউ চাইলেই নির্বাচন বন্ধ করা যাবে না, নির্বাচন অবশ্যই সময়মতো এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, তবে এই বিষয়ে রাজনৈতিক নেতাদের সদিচ্ছা গুরুত্বপূর্ণ।
সর্বজনীন পেনশন স্কিম নিয়ে তিনি বলেন, এখনো সব পেশার মানুষ এই স্কিমে অংশ নিচ্ছেন না, বিশেষ করে চাকরিজীবী ও শিক্ষকরা। কেন তারা আগ্রহ দেখাচ্ছেন না, তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, যদি পেনশন স্কিমে কোনো ত্রুটি থাকে, তা সংশোধন করা হবে। সরকারি কর্মচারী ও শিক্ষকদের এই স্কিমের আওতায় আনাও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সর্বজনীন পেনশন নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ অ্যাপের মাধ্যমে এখন ব্যক্তি পর্যায়ে সহজেই সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেওয়া যাবে। অ্যাপ থেকেই লগইন, তথ্য যাচাই, নোটিফিকেশন পাওয়া এবং নমিনি পরিবর্তনসহ অন্যান্য সেবাগুলো পাওয়া যাবে।
উল্লেখ্য, সর্বজনীন পেনশন হলো দেশের নাগরিকদের জন্য একটি রাষ্ট্রীয় অবসরভাতা ব্যবস্থা, যা টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে। এই পেনশন ব্যবস্থায় চারটি আলাদা স্কিম রয়েছে—প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম।





