বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, \"কোনো ফ্যাসিস্ট পরাজিত অপশক্তি দ্বিতীয়বার ফিরে আসেনি এবং ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ফিরে আসবে না, আসতে পারবে না।\" তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবার, বিশেষ করে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ইউরোপ-আমেরিকার নাগরিকত্ব নেওয়া শুরু করেছে, যা প্রমাণ করে তারা নিশ্চিত যে বাংলাদেশে তাদের আর ফিরে আসা সম্ভব নয়। তিনি দাবি করেন, \"বাংলাদেশের জনগণ তাদেরকে চিরতরে বর্জন করেছে।\"

\r\n

শুক্রবার (১৬ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সমাবেশে প্রধান আলোচক হিসেবে এসব মন্তব্য করেন ড. হেলাল উদ্দিন।

\r\n

এসময় তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের উদ্দেশ্যে বলেন, \"যে নেতা পালিয়ে যায়, সে কখনো নেতা হতে পারে না।\" তিনি আরও বলেন, \"প্রকৃত নেতা সেই, যারা জনগণের জন্য কাজ করে, কিন্তু ক্ষমতার লোভী সুবিধাবাদীরা শুধু সংগঠনের সদস্যদের জীবন নিয়ে রাজনীতি করে নিজেদের ফায়দা লুটে নেয়।\"

\r\n

ড. হেলাল উদ্দিন জামায়াতে ইসলামীকে একটি আদর্শিক দল হিসেবে তুলে ধরে বলেন, \"আমরা জান্নাতের টিকিট দিই না, জান্নাতের পথ দেখাই।\" তিনি যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশে ইসলামের বিধি-বিধান যথাযথভাবে পালিত হতে পারে না, কারণ এখানে দ্বীন কায়েম হয়নি। জামায়াতে ইসলামী বিশ্বাস করে যে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, যা জনগণের জন্য কল্যাণকর হবে।

\r\n

তিনি আরও বলেন, \"দ্বীন কায়েমের মাধ্যমে মানুষ ইসলামের সব বিধি-বিধান সহজে মেনে চলতে পারবে।\" তিনি সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে শামিল হওয়ার আহ্বান জানান।

\r\n

এছাড়া জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, \"ফেরাউনের অনুসারী শেখ হাসিনার পতনের পর নব্য ফ্যাসিবাদের আজাব আবারও আসতে পারে।\" তিনি সবাইকে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন এবং বলেন, \"এ সময় আমাদের উচিত আল্লাহর বিধান বাস্তবায়নে কাজ করা, না যে আমরা শুধু উৎফুল্ল হয়ে বসে থাকব।\"

\r\n

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী। সমাবেশটি পরিচালনা করেন শাহজাহানপুর পূর্ব থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেন। এছাড়া থানা কর্মপরিষদ সদস্য আবদুল খালেক, এস এম আজিম উদ্দিন এবং নাহিদ জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।