বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ ষড়যন্ত্র করেও বিএনপিকে দমন করে রাখতে পারবে না। তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করার সময় গুম, খুন, হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে যাওয়ার পরও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি। এক ভাই গুম হয়েছেন, আরেক ভাই রাস্তায় নেমেছেন। কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনও গুপ্ত বা সুপ্ত অবস্থায় ছিলেন না।
তারেক রহমান বলেন, “আমি বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা এভাবে আপসহীন, সেই দলকে কেউ ষড়যন্ত্র করে দমন করতে পারবে না, ইনশা-আল্লাহ।”
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় গুম-খুনের শিকার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আরও বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী অত্যাচার ও গুমের শিকার হয়েছেন। ফ্যাসিবাদী সময়কালে তাদের বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা ৬০ লক্ষ নেতাকর্মীর ওপর প্রভাব ফেলেছে। অনেককে বছরের পর বছর ঘরবাড়ি ছাড়তে হয়েছে। এসব মামলা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, বহু বছর দেশের বাইরে বা স্বজনহারা অবস্থায় থাকতে হয়েছে। আমাদের নেতাকর্মীদের পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তে যারা স্বজন হারিয়েছেন, তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। চেষ্টা করেছি রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা অব্যাহত ছিল, ভবিষ্যতেও থাকবে।
তারেক রহমান বলেন, “বিভীষিকাময় দিন ও রাতের অবসান হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের পথ প্রশস্ত হচ্ছে। যারা স্বজন হারিয়েছেন, তাদের পূর্ণ সান্ত্বনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এই কঠিন সময় অতিক্রম করেছি। এখানে কিছু সন্তান তাদের কষ্ট ব্যক্ত করেছেন, যারা কখনো পিতার মুখ দেখেননি। একমাত্র আল্লাহ জানেন, তাদের পিতা দেখবেন কি না। হয়তো একদিন গুম হওয়া সন্তান তাদের দরজায় এসে ‘মা’ বলে ডাকবে।”





