গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা হেলাল উদ্দিন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


\r\n

নিহত হেলাল উদ্দিন (৫৫) কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।


\r\n

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন দিক থেকে হেলাল উদ্দিনের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


\r\n

গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, “হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”


\r\n

নাম প্রকাশে অনিচ্ছুক কোটবাজালিয়া গ্রামের এক বাসিন্দা জানান, নিহতের ভাতিজার সঙ্গে পূর্ব বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।


\r\n

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে তর্ক-বিতর্ক হয়েছিল। ওই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।


\r\n

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে।