পটুয়াখালীর কুয়াকাটায় মাছের ঘের নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

\r\n

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে।

\r\n

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় আইনজীবী আনোয়ার হোসাইনের বাঁ চোখসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

\r\n

আহত আনোয়ার হোসাইন অভিযোগ করে বলেন, পটুয়াখালীর ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে তার বিরোধ চলছে। এ নিয়ে তিনি প্রায় এক মাস আগে পটুয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

\r\n

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিরোধ নিষ্পত্তির জন্য কুয়াকাটায় সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেখানে পৌঁছানো মাত্রই হারুন মৃধার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তার ওপর অতর্কিতে হামলা চালায়।

\r\n

অন্যদিকে, অভিযুক্ত হারুন মৃধা দাবি করেছেন, আনোয়ার হোসাইন তার জমি দখল করে নিয়েছেন এবং তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা করেছেন। তিনি বলেন, “বুধবার সন্ধ্যায় পুলিশ নিয়ে আমাকে ধরতে এলে সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে।”

\r\n

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”