কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা–কুষ্টিয়া মহাসড়কের লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।


\r\n

নিহতরা হলেন রংপুরের পীরগাছা থানার বাসিন্দা ও ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ওসি মো. মোজাহারুল ইসলাম (৫৩) এবং রাজশাহীর তানোর থানার বাসিন্দা এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। দুজনই একই ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।


\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে যাওয়ার সময় তারা ইউটার্ন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

\r\n

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ এবং ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


\r\n

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তিনি বলেন, ওসি মোজাহারুল ইসলাম মাত্র আগের দিনই ঈশ্বরদীতে যোগদান করেছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

\r\n

কুষ্টিয়া চৌড়হাস থানার ওসি আবু ওবায়েদ বলেন, ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

\r\n

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।