কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুরের পর ঘটনাস্থল থেকে একটি নজরদারি ক্যামেরাও নিয়ে গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং হালকা বৃষ্টি হচ্ছিল। সেই সুযোগে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি আরও জানান, সামনে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমার মাটির কাজ শেষ হয়ে রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, কার্তিক ও সরস্বতীসহ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সেখানে থাকা একটি আইপি ক্যামেরাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা যায়নি। মন্দির কমিটি মামলা দিতে চাইছে না, তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব উপস্থিত রয়েছে। তদন্ত চলছে।